ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ডিজেল তেলে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরাফ। সে ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। পরিবারের অগোচরে সে ডিজেলভর্তি একটি কাটা প্লাস্টিকের ড্রামের ভেতরে পড়ে যায়। ড্রামটিতে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল।
ড্রামে পড়ে গিয়ে শিশুটি ডিজেল পান করে ফেলে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
জানা গেছে, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকটির ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য তেল একটি কাটা ড্রামে রাখা হয়েছিল। সেখানেই খেলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল।

লিটন প্রামানিক, গাইবান্ধা (সাদুল্লাপুর-সুন্দরগঞ্জ)