দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার শিবপুর-রাধিকা সড়কের নারুই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২) ও উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে রাব্বি (৩২)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় শিবপুর-রাধিকা সড়কের নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন তিন আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সিফাত বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মৃত্যুবরণ করেছেন এবং আহত তিনজনের অবস্থাও বেশ গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)