সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরক্লার্ক ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়িতে মা-বাবার সঙ্গে থাকে দুই বোন। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে। এরপর জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনেরা থানায় এসেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী