রাতে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির প্রভাবে তিন বিভাগে আগামী চার দিন (৯৬ ঘণ্টা) অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিমি-এর বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকার নিচু অংশগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপদ নৌ-চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক