পাবনায় প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ, লাখ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।
রোববার দিনগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেড়া কাজিরহাট বাজারের আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে এক হাজার ২০০ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে সোমবার সকাল থেকে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ বি এম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযানে সহায়তা করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা