ঝিনাইদহে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু
ঝিনাইদহে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্যনির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু হয়েছে। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ -এই প্রতিপাদ্যে গতকাল সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিক হাসানসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে বর্তমান সরকার অত্যন্ত কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমেই আগামীতে বাংলাদেশ একটি বুদ্ধিদীপ্ত ও উন্নত জাতিতে পরিণত হবে।
এবারের মেলায় জেলার ৬টি উপজেলার বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বৈচিত্র্যময় বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। প্রদর্শনী ছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশে মেলা প্রাঙ্গণে বিজ্ঞানবিষয়ক সেমিনার, সায়েন্স অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)