জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে তার ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিলের দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। মারামারি চলাকালীন প্রতিপক্ষ ইউপি সদস্য জলিল ও তার লোকজনের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)