অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদন করায় জেল-জরিমানা
নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন শিশুখাদ্য, জুস ও কোমল পানীয় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মঈন উদ্দিন এবং কালিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে তিন মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানের পর বিপুল অনুমোদনহীন শিশুখাদ্য ও তা উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল জব্দ করে সেসব ধ্বংস করা হয়।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)