৪৭ মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর
সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পাঁচটি থানায় দায়ের হওয়া জিডির ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের এলআইসি শাখার একটি দল অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করে। এর মধ্যে রাজবাড়ী সদর থানার ২১টি, গোয়ালন্দ ঘাট থানার সাতটি, পাংশা মডেল থানার সাতটি, কালুখালী থানার আটটি এবং বালিয়াকান্দি থানার চারটি মোবাইল ফোন রয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোন হস্তান্তরের আগে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার অপরাধ প্রতিরোধে নিয়মিত কাজ করছে। প্রতিটি থানায় মোবাইল ফোন হারানো, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডির ভিত্তিতে এলআইসি শাখার দল এসব ঘটনার তদন্ত ও উদঘাটনে সক্রিয় রয়েছে।
হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা না থাকলেও পুলিশের উদ্যোগে তা সম্ভব হয়েছে, যা তাদের আস্থা আরও বাড়িয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী