কেন একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, সেটা আজ পরিষ্কার : নাহিদ
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ার উদ্দেশ্য আজ জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃতফসিল করা। তিনি এই কাজে অত্যন্ত পারদর্শী। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ যেন সহজেই পুনঃতফসিল করার সুযোগ পায়, সেই বিশেষ সুবিধা নিশ্চিত করতেই সরকার একজন ব্যবসায়ীকে এই পদে বসিয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ সরকারের সমালোচনা করে আরও বলেন, আর্থিক খাতের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যে ধরনের বিবেচনা কাজ করেছে, তাতে আগামীতে এই খাতে আর কোনো নিয়োগের ওপরই সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোর পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়াই এখন গভর্নরের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক