দলিল নিবন্ধন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের প্রকল্প বাস্তবায়নাধীন : আইনমন্ত্রী
দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থা অটোমেশন’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীং সংসদে চুয়াডাঙ্গা-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মাসুদ পারভেজের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দলিল নিবন্ধন কার্যক্রমকে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৫ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাস্তবায়িত হবে বলে জানান তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা এবং এটি সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়িত হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর আধুনিক কাঠামোয় রূপান্তর করা হবে। এর মধ্যে রয়েছে- উন্নত সফটওয়্যার তৈরি, সিস্টেম ইন্টিগ্রেশন, ডাটা মাইগ্রেশন, ব্যবহারকারী প্রশিক্ষণ ও দেশব্যাপী ধাপে ধাপে বাস্তবায়ন কার্যক্রম।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরও জানান, এ প্রকল্পের অংশ হিসেবে একটি সমন্বিত রেজিস্ট্রেশন রিসোর্স প্ল্যানার (আরআরপি) সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে, যা দলিল নিবন্ধন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনায় সহায়তা করবে।
আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকল্পের অগ্রগতি অব্যাহত থাকলে, ২০২৭ সালের শেষার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধে দেশে অনলাইনভিত্তিক দলিল নিবন্ধন কার্যক্রম চালু করা সম্ভব হবে।
আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে, জনগণ ঘরে বসেই নিবন্ধন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে, দুর্নীতি কমবে এবং সেবার গতি ও স্বচ্ছতা বহুগুণে বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদক