গৌরনদীতে কুকুরের কামড়ের শিকার ১৪ জন
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু-নারীসহ ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি, মাগুরাসহ বিভিন্ন এলাকায় এরা কুকুরের আক্রমণের শিকার হয়।
এ ছাড়া বাসস্টান্ড এলাকায় বিড়ালের কামড়ে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কুকুরের কামড়ে আহতরা হলো গৌরনদীর কটকস্থল গ্রামের সুমন তালুকদারের মেয়ে আবিদা (৫), একই গ্রামের আল-আমিনের ছেলে আয়াত (৩), মিঠু সরদারের মেয়ে লাইজু (৮), ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার মেয়ে তাইয়্যেবা (৪), মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর মেয়ে খাদিজা (৩), টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর মেয়ে সামিয়া (৭), বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছেলে নবীন (৬), আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।
এ ছাড়া বিড়ালের কামড়ের শিকার হয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুণ্ডুর ছেলে মিটুল কুমার কুণ্ডু (২৯)।
রেজিস্ট্রার সূত্রে আরও জানা গেছে, এর আগের দিন গতকাল বুধবারও গৌরনদীর বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সের ছেলে আল আমিন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছে। এ ছাড়া পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সমিরন হালদার জানিয়েছেন, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন। তারা বর্তমানে অনেকটা শংকামুক্ত।

আকতার ফারুক শাহিন, বরিশাল