জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ
জামালপুরে শহরের শেখেরভিটা এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। আজ রোববার (৩ মে) দুপুরে এই অবরোধ কর্মসূচি পালন করে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
বর্ষা শৌসুম শুরু না হলেও সামান্য বৃষ্টিতে জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। এতে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত কয়েক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে এই এলাকার বাসিন্দারা। এতে ক্ষুব্ধ হয়ে আজ অবরোধ কর্মসূচির ডাক দেয় ভুক্তভোগীরা।
এ সময় তারা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন অবরোধ করে। এ সময় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কও অবরোধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগীরা এলাকাবাসী জানায়, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পৌর শহরের শেখেরভিটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এই এলাকার প্রায় তিন হাজার পরিবার বছরের ৪ মাস পানিবন্দি অবস্থায় দুর্ভোগে থাকে। তারা ঘর থেকে বের হতে পারে না। ছেলে-মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। রাতে সাপের ভয়ে ঘুম আসে না। বার বার পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আবেদন করা হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে রেলপথ এবং সড়ক অবরোধ করে।
পরে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এসে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শেখেরভিটা এলাকার লোকজন জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ এবং সড়ক অবরোধ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, সেখানে পৌরসভার কর্মকর্তারাও ছিল। তারা স্থানীয়দের জলাবদ্ধ নিরাশনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আসমাউল আসিফ, জামালপুর