স্ত্রী-মেয়ে যুক্তরাষ্ট্রে, ঢাকার ফ্ল্যাটে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
খিলক্ষেতে লেকসিটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাদল ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
আজ রোববার (৩ মে) খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
এসআই জীবন চন্দ্র দাস বলেন, গতকাল শনিবার (২ মে) বিকেলে সংবাদ পেয়ে খিলক্ষেত লেকসিটি সুরভী ভবনের একটি ফ্ল্যাটের মেঝেতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, পাশের ফ্ল্যাটের লোকজনরা দুর্গন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেন।
এসআই জীবন আরও বলেন, ফারুখ কবির বাদল ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিও সেখানে ছিলেন, দুবছর আগে দেশে এসে ফ্ল্যাট কিনে তিনি খিলক্ষেতে থাকতেন। কী কারণে এবং কেন তার মৃত্যু হয়েছে, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।
এসআই জীবন চন্দ্র দাস বলেন, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত ফারুখ কবির বাদল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।

নিজস্ব প্রতিবেদক