৪৬০ ফুট উঁচু টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ও তার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন হাসান শিকদার (২২) নামের এক যুবক। পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্মী এবং এক বন্ধুর দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। গতকাল রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় একটি বিশাল বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে পড়েন তিনি। হাসান শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় একটি বিশাল বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে পড়েন তিনি। সেখান থেকে মোবাইলে কল করে প্রেমিকাকে সম্পর্ক টিকিয়ে রাখা এবং ঘটনাস্থলে আসার দাবি জানান, অন্যথায় নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারে উঠে তাকে নিচে নামতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নীলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, হাসানের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে শুনেই মূলত তিনি আত্মহত্যার উদ্দেশ্যে এই টাওয়ারে উঠেছিলেন।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার পরপরই আমরা সেখানে পৌঁছাই। ফোনের মাধ্যমে ও বিভিন্ন কৌশলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা তাকে বোঝানোর পর নিচে নামিয়ে আনতে সক্ষম হই। উদ্ধার শেষে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর