পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের বর্তমান পোশাক মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশকে আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
আজ সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশকে যাতে ঐতিহ্যবাহী পোশাক দেওয়া যায় তা বিবেচনা করা হয়েছে। সে হিসেবে প্যান্ট হবে খাকি, শার্ট ব্লু, আর মেট্রোপলিটন পুলিশের শার্ট পেস্ট কালার।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর অনেক দাগী আসামি জামিন পেয়েছে। তাদের আবারও অপরাধের জড়ানোর প্রবণতা থাকে। এ ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানেও থাকতে বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকের যে ছড়াছড়ি হয়ে গেছে, সে বিষয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া যৌথ অভিযানও চলছে।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক