আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি : বিমান প্রতিমন্ত্রী
দেশের উড়োজাহাজের বহরে ‘আন্তর্জাতিক মানের’ উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে জেলা প্রশাসকদের বিমান ও পর্যটন নিয়ে যেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেসবের তথ্য গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ১৪টি বোয়িংয়ের জন্য সাইন করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও আন্তর্জাতিক বিমান আছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মানসম্পন্ন করার জন্য আমরা ইতোমধ্যে ১৪টি বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, আর অব্যবহৃত বিমানবন্দরগুলো আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব অভ্যন্তরীণ রুট হিসেবে।
সোমবারের ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবেন, সে সম্বন্ধে তাদের বলা হয়েছে এবং সেগুলো উন্নত করার জন্য তাদেরও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কী কী কাজ করছি সেগুলো তাদের অবহিত করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলো নিয়ে আমরা সম্মিলিত হয়ে কীভাবে কাজ করতে পারি।
চলতি বছরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে বলে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আশা ব্যক্ত করে বলেন, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলো হলো, আমার মনে হয় জেলা প্রশাসকদের সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক