কোর্ট চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহীন নামে মাদক মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে কোট হাজতে পাঠানোর আগেই সে পালিয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা অপর আসামি সজল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আদালতে থাকা লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পলাতক শাহীন সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল দক্ষিপাড়ায় এলাকার হাসেম মিয়ার ছেলে। সজলও একই এলাকার জালাল মিয়ার ছেলে।
কোর্ট পরিদর্শক হাবিবুল্লাহ জানান, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এই দুজনকে আটক করে। পরে মাদক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কোর্ট হাজতে পাঠানোর আগেই হাতকড়াসহ একজন পালিয়ে যায়। আরেকজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে দেয়। পালিয়ে যাওয়া শাহীনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া