স্বাধীন গণমাধ্যম ও অপসাংবাদিকতা রোধে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে। আর এসব প্রতিষ্ঠান জবাবদিহিতার মধ্যে থাকলে রাষ্ট্রের উন্নয়ন হবে এবং শাসনব্যবস্থা আরও স্বচ্ছ হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অপসাংবাদিকতা রুখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, নৈরাজ্যপূর্ণ সংবাদমাধ্যমের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সংবাদমাধ্যম স্বাধীন থাকলে গণতন্ত্র সমৃদ্ধ হয়। জনগণের অধিকার হলো সঠিক তথ্য পাওয়া। সংবাদকর্মীদের সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সঙ্গে জড়িত সকল সংগঠনের সঙ্গে আলোচনা করছি। সংবাদমাধ্যমের সঠিক নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদমাধ্যমকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সুলতান আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ