সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোকবাণী প্রদান করেছেন।
আজ বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা আজ বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বেগম জেবুন্নেছা শিক্ষিকা হিসেবে জাতি গঠনে অনেক অবদান রেখে গিয়েছেন। তিনি একজন গুণি ও পরহেযগার নারী ছিলেন। তার ইন্তেকালে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

নিজস্ব প্রতিবেদক