নওগাঁয় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে শুরুতেই বক্তব্য রাখেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ অ্যাড. এম রুহুর কুদ্দুস তালুকদার দুলুসহ আরও অনেকেই। অনুষ্ঠানে নওগাঁ, নাটোর, রাজশাহী, বগুড়া জেলার সংসদ সদস্য ও রবীন্দ্র গবেষক কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় রবীন্দ্র গবেষকেরাও এতে অংশ নেন।
সরকারিভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয়ভাবে আরও কয়েকদিন এ উৎসব চলে। এসময় পতিসর কাচারি বাড়িতে কবিগুরুর ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে পতিসরে বসে এক গ্রামীণ মেলা।
উল্লেখ্য, জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। এখানে বসে কবিগুরু রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ।
কবিগুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দুই বিঘা জমি, বিখ্যাত উপন্যাস গোড়াসহ অসংখ্য বিখ্যাত সাহিত্য কর্ম এই পতিসরে বসেই রচনা করেছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ