সংস্কারের অভাবে সড়ক এখন ‘মরণফাঁদ’
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়াল মোড় থেকে মরহুম আব্দুর রহমান চেয়ারম্যানের এতিমখানা মসজিদ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্তমানে সংস্কারের অভাবে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাত্র তিন বছর আগে নির্মিত এই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব খানাখন্দ ছোটখাটো পুকুরে রূপ নেয়। বিশেষ করে ছৈয়াল বাড়ি-সংলগ্ন পুকুরপাড় এলাকাটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, সেখান দিয়ে সাধারণ মানুষের চলাচল এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। এখানে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর ও পাওয়ার ট্রলি চলাচলের কারণেই সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। খানাখন্দের কারণে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে এখন তীব্র ক্ষোভ বিরাজ করছে। অটোরিকশাচালকরা জানান, রাস্তাটি এতোটাই ঝুঁকিপূর্ণ যে যাত্রী নিয়ে চলাচল করা এখন অসম্ভব। কয়েকবার গাড়ি উল্টে যাত্রী আহত হওয়ার ঘটনায় অনেক চালক এখন এই পথে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন।
সড়কটির বেহাল দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, ভাঙাচোরা রাস্তার কারণে কোনো যানবাহন আসতে চায় না, আর আসলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করে। বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে বিকল্প রাস্তায় যাতায়াত করতে গিয়ে তারা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না। এছাড়া রাস্তার বালু উড়ে তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকিও।
জনদুর্ভোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত। বরাদ্দ পাওয়ায় এই রাস্তাটিকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের প্রস্তাব প্রধান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান জানান, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহজমপুর ঈদগাহ থেকে ছৈয়াল বাড়ি পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)