আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি
বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি এই জেলেদের আটক করে। পরবর্তীতে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল। আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ সমন্বয় ও আলোচনার পর আজ শনিবার তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বিজিবির পেশাদারত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে। ফেরত আসা জেলেদের বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এখনো যারা আরাকান আর্মির হাতে আটক রয়েছে, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)