পরিবারের অজান্তে রুশ বাহিনীতে যোগদান, ড্রোন হামলায় বাংলাদেশির মৃত্যু
রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রিয়াদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর চালানো ড্রোন হামলায় রিয়াদসহ মোট দুজন বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক প্রাণ হারান। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের পরিবার তার মৃত্যুর খবরটি জানতে পারে।
রিয়াদের বাবা আব্দুর রশিদ জানান, রিয়াদের বন্ধু লিমন দত্ত গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেসেঞ্জারের মাধ্যমে এই মৃত্যুর খবরটি পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ার একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ওই ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান এবং পরবর্তীতে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন (ব্যাচ নম্বর ৭৩৫)। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি রিয়াদ তার পরিবারকে জানাননি। গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়েছিল।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং সরকারি কোনো আর্থিক সহযোগিতার সুযোগ থাকলে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ