নাটোরে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ
নাটোরে আগামী ১৫ মে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আজ সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। এর মধ্যে রয়েছে গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলী, হাড়িভাঙ্গা, গৌড়মতি, বারি-৪ ও আশ্বিনা।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় কৃত্রিমভাবে আম না পাকানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সভায় ১৭ মে মোজাফফরপুরি এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। তবে ইতোমধ্যেই বাজারে লিচু কেনাবেচা শুরু হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান এটিকে স্থানীয় জাতের লিচু হিসেবে উল্লেখ করেন।

হালিম খান, নাটোর