রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিকেলের পর থেকে রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১১ মে) বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বিকাল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে ও তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক