১০০ টাকার বেশি ময়লার বিল নিলে বাতিল হবে লাইসেন্স : ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ সোমবার (১১ মে) ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন আবদুস সালাম।
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও নাগরিক ভোগান্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে, অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।’
প্রশাসক আবদুস সালাম আরও বলেন, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সভায় আরও জানানো হয়, নিয়মিত বর্জ্য অপসারণ, অর্থাৎ দিনের বর্জ্য দিনেই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক