সাটুরিয়ায় খাল খননে বদলে যাবে কৃষির চিত্র : বিমানমন্ত্রী
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনে চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
গতকাল সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদীসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ সংকট ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে ছিলেন। খাল পুনঃখনন শেষ হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, পানি নিষ্কাশন সহজ হবে। এতে বদলে যাবে কৃষির চিত্র এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
আফরোজা খানম রিতা বলেন, এই প্রকল্প শুধু খাল খননের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার একটি উদ্যোগ।
মন্ত্রী আরও বলেন, সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিচ্ছে। প্রকল্পের মাধ্যমে শতাধিক অতিদরিদ্র মানুষের অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়ে বিমানমন্ত্রী বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত কোনো প্রকল্পে অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ