জরাজীর্ণ ঘরে বসবাস, জমসিদের পরিবার পাচ্ছে নতুন ঘর
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিশীমা গ্রামে এক অসহায় পরিবারের মানবেতর জীবনের অবসান ঘটাতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবার’। কালিশীমা গ্রামের নোয়া হাঁটির মৃত জমসিদ মিয়ার জরাজীর্ণ ও ভাঙা ঘরটি ভেঙে সেখানে নতুন একটি টেকসই ঘর নির্মাণ করে দিচ্ছে মানবিক এই সংগঠনটি।
দীর্ঘদিন ধরে মৃত জমসিদ মিয়ার স্ত্রী ও সন্তান একটি ভাঙা ঘরে বসবাস করে আসছিলেন। ঘরটির অবস্থা এতটাই নাজুক ছিল যে, দিনের বেলায় রোদ আর বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়ত। অভাবের কারণে ঘরটি মেরামত করা সম্ভব না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছিল তাদের। এই খবর পাওয়ার পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবার।
আজ বুধবার (১৩ মে) সকালে নতুন ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোহরাব উজ্জল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুবেল মিয়া ও তাজু মিয়া সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ এবং অর্থ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ। উদ্বোধন শেষে নির্মাণ কাজের সফলতা ও পরিবারটির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন নির্মাণাধীন ঘরটি প্রায় ২৭ ফুট দৈর্ঘ্যের। স্থায়ীত্বের কথা চিন্তা করে সিমেন্ট মিশ্রিত রডের শক্ত পিলার বসানো হচ্ছে। কাঠের কাঠামোর ওপর টিন দিয়ে টেকসইভাবে ঘরটি তৈরি করে দেওয়া হবে যাতে পরিবারটি ঝড়-বৃষ্টির ভয় ছাড়াই নিরাপদে থাকতে পারে। ঘরটি নির্মাণ করতে প্রায় ১৫ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে।
ঘরটি নির্মাণের তদারকির দায়িত্ব বুঝে নিয়েছেন মৃত জমসিদ মিয়ার ভাই। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে একটি নিরাপদ ও সম্মানজনক মাথা গোঁজার ঠাঁই পেতে যাচ্ছে পরিবারটি, যা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া