মাদককারবারীদের হামলায় ৫ র্যাব সদস্য আহত, গ্রেপ্তার ১
নাটোরের লালপুরে মাদককারবারীদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ সদস্য আহত হওয়ার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) সকালে র্যাব নাটোর ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মুন্সি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ১৫-২০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলাটি করেন।
এরপরই অভিযান চালিয়ে সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার পর এএসআই পারভেজ মুন্সির নেতৃত্বে সাদা পোশাকে থাকা র্যাবের ছয় সদস্য উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় মাদককারবারীদের অবস্থান শনাক্ত করতে যান। এ সময় সেখানে থাকা মাদককারবারীরা র্যাব সদস্যদের ঘিরে ধরে তাদের পরিচয় জানতে চায়। পরিচয় পাওয়ার পরও তারা র্যাব সদস্যদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তাদের ওপর চড়াও হয়। এ সময় র্যাবের পাঁচ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ওসি বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হালিম খান, নাটোর