উদ্বোধনের এক বছরেও সেবাশূন্য মা ও শিশু কেন্দ্র, নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাহিমাগঞ্জ ইউনিয়নে নির্মিত উপজেলার একমাত্র ১০ শয্যার ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’টি এখন অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। বর্ণাঢ্য আয়োজনে গত বছর কেন্দ্রটি উদ্বোধন করা হলেও বর্তমানে সেখানে নেই কোনো প্রয়োজনীয় জনবল, নেই কোনো ওষুধ। ফলে সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, আর অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে অপারেশন থিয়েটারের (ওটি) মেশিন, আধুনিক বেড এবং বিভিন্ন কক্ষ দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ধুলোবালি ও মরিচায় নষ্ট হতে শুরু করেছে। ২০ জনের অধিক জনবল থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে মাত্র একজন দায়িত্বরত আছেন।
সেবা নিতে আসা ইয়াকুব ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, মাহিমাগঞ্জ ইউনিয়নে আমাদের একমাত্র সেবার জায়গা এই কেন্দ্রটি। কিন্তু অনেকদিন হয়ে গেল এখানে কোনো ডাক্তার নেই, ওষুধ নেই। আমরা সেবা পাচ্ছি না। সেবা যদি না-ই পাওয়া যায়, তবে সরকারের এত টাকা খরচ করে এই ভবন গড়ার কী দরকার ছিল?
কেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান আয়শা সিদ্দিকা বলেন, আমি কাজ করতে চাই, কিন্তু জনবল আর ওষুধ না থাকার কারণে আমি কিছুই করতে পারছি না। আমি প্রতিদিন সকাল ৯টায় হাসপাতাল খুলি এবং বিকেল ৪টায় চলে যাই। সারাদিন কোনো কাজ থাকে না কারণ এখানে কোনো সুযোগ-সুবিধা নেই।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল জলিল জানান, মূলত জনবল সংকটের কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। এছাড়া বেশ কয়েক মাস ধরে ওষুধের কোনো সরবরাহ নেই। তবে জনবল নিয়োগের বিষয়ে আমরা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)