হামে আক্রান্ত যমজ হাসান-হোসেনের চিকিৎসায় এগিয়ে এলেন প্রধানমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি প্রতিনিধি দল অসুস্থ শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের (বিটু) নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিবারটির হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেয়।
সম্প্রতি জাতীয় একটি দৈনিকে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত এই উদ্যোগ নেন। প্রতিনিধি দলটি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসান-হোসেনসহ সেখানে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শিশু দুটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তাদের আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনো পুষ্টিহীনতায় ভুগছে বলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় মুগদা হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যমজ শিশু দুটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রী এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি প্রত্যন্ত এলাকায়। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তায় শিশু দুটির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক