প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর যেসব দাবি
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা সফরে আসছেন। তিনি দুটি খাল পুনর্খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে চাঁদপুর জেলাবাসীর পক্ষে জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, মেঘনাপাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।
সংবাদ সম্মেলনে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দিবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপেক্ষ দেড় লাখ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।
সংবাদ সম্মেলনে শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, কিছু ফ্যাসিবাদি লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি।
প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন এতে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত উল্লেখ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সবাই অধির আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। গণমাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে।
মানিক আরও বলেন, সফরসূচির আলোকে প্রধানমন্ত্রী প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় দুপুরে খোর্দ্দ খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলাবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর