মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মা ও তার এক বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারিন আক্তার (৩২) ও তার এক বছর বয়সী কন্যা ইয়াসা। তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তারিন আক্তারের স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী এলাকার বিজয় স্মরণী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি মেলা দেখে বাসায় ফিরছিলেন তারিন। ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ তার কোল থেকে শিশুকন্যা ইয়াসা মহাসড়কে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে স্বামী দ্রুত মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এসময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তারিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় শিশু ইয়াসাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিআরএ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নাসির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)