মাদককারবারি দম্পতি আটক, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে মো. রুবেল (৩০) ও রহিমা আক্তার (২৬) নামে মাদককারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এ দম্পতির কাছ থেকে ছয় কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) সকাল ১১টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে আরোহী দম্পতির কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মো. রুবেলের বিরুদ্ধে আগেই ১৩টি এবং তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাদের বাড়ি জেলার আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্বপাড়া) গ্রামে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)