বনকর্মীর গুলিতে জেলে নিহত, ব্যাপক ক্ষোভ শ্যামনগরে
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বনবিভাগের এক কর্মকর্তার গুলিতে এক জেলে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (১৮ মে) বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখী খালসংলগ্ন পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হন বলে অভিযোগ ওঠে। নিহত জেলে আমিনুর রহমান গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আমিনুর রহমানের মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা হাতে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করা হয়। অফিসের আসবাবপত্র, কাঁচ ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বনকর্মীরা হলেন, তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত আমিনুরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এর আগে সকালে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়। নিহত জেলের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তারা চারজন গত ১৩ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। সোমবার সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের থামার সংকেত দেয়।
জেলেদের অভিযোগ, সংকেত পাওয়ার পরও কিছুটা দেরি হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে জেলে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতোমধ্যে আমাদের পাঁচজন আহত হয়েছেন। অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, ‘বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) জানানো হয়েছে।’
এদিকে জেলে নিহত হওয়ার ঘটনায় উপকূলীয় বনজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচারের আওতায় আনা এবং বনবিভাগের অভিযানে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা