লাশ হয়ে ফিরলেন চার ভাই, জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই
ওমানে প্রাইভেটকারের এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সহোদর ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহাসিক ও মর্মস্পর্শী জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন নিহত চার সহোদরের একমাত্র বেঁচে থাকা ছোট ভাই মাওলানা মো. এনাম। জানাজা শেষে লালানগর জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চার ভাইকে পাশাপাশি দাফন করা হয়। চার ভাইয়ের এই শেষ বিদায়ের জানাজায় অংশ নেন এলাকার কয়েক হাজার শোকার্ত মানুষ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ওমানে নিহত চার সহোদর এবং ওমানেই এক সড়ক দুর্ঘটনায় নিহত রাঙ্গুনিয়ার আরেক প্রবাসী মহসিনসহ মোট পাঁচজনের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আজ ভোররাতে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মে ওমানের মেল্লাদা এলাকায় একটি প্রাইভেটকারে এসির এক্সজস্ট থেকে নির্গত হওয়া তীব্র বিষক্রিয়ায় প্রবাসী চার সহোদর মো. রাশেদুল ইসলাম, মো. শাহেদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম নিহত হন।
স্বজনরা জানান, কথা ছিল দুই ভাই একসঙ্গে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন এবং বাড়িতে সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু দুই ভাইয়ের সাথে সঙ্গী হয়ে অপর দুই ভাইও দেশে ফিরলেন; তবে বিয়ের সাজে নয়, চারজনই ফিরলেন সাদা কাপড়ে কফিনবন্দি হয়ে। যে বাড়িতে এই সময়ে বিয়ের সানাই বাজার কথা ছিল, স্বজনদের কোলাহলে মুখর থাকার কথা ছিল চারপাশ—সেখানে আজ বিষাদের কালো মেঘ। চার ভাইয়ের কফিন ঘিরে স্বজনদের গগনবিদারী চিৎকারে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারের হাল ধরতে ওমানে পাড়ি জমিয়েছিলেন এই চার ভাই। কেউ করতেন ব্যবসা, কেউবা চাকরি। কষ্টার্জিত টাকায় গ্রামের মাটিতে একটি দুই তলা ভবনও তুলেছিলেন তারা। কিন্তু নতুন তৈরি করা সেই পাকা ঘরে একটিবারের জন্যও জীবিত অবস্থায় থাকতে পারলেন না চার ভাইয়ের কেউই।
জানাজা শেষে নিহতদের ছোট ভাই মাওলানা মো. এনাম সবার কাছে তার ভাইদের জন্য দোয়া চান। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান জানান, এই অসহায় ও নিঃস্ব পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি বেঁচে থাকা ছোট ভাইটির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম