মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দিনগত রাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে গত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেঁচানো অবস্থায় ওই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক