১৭ মামলার আসামি ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার
যশোরে ১৭ মামলার আসামি ইমন ওরফে ‘ভাগনে ইমন’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ অস্ত্রবাজি, বোমা বিস্ফোরণ, চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অন্তত ১৭টি মামলা রয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বড় ধরনের কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ইমন যশোর শহরের পালবাড়ি এলাকায় অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২১ মে) দিনগত মধ্যরাতে র্যাবের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইমন দৌড়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।
র্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তার ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পর্দার আড়াল থেকে নিজের সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির আরও ১৫টি মামলা রয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর