নাসির উদ্দিনের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়
মানিকগঞ্জে হাজারো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন আহমেদ জাদুকে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বাদ আছর মানিকগঞ্জ মডেল হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষের ঢল নামে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নাসির উদ্দিন জাদু ছিলেন তৃণমূলের একজন পরিচিত ও পরীক্ষিত নেতা। তিনি বিভিন্ন সময় হামলা-মামলা ও নির্যাতনের মুখোমুখি হলেও দলীয় আদর্শ থেকে কখনো পিছপা হননি। নেতাকর্মীদের মতে, তিনি সবসময় দল ও সাধারণ মানুষের পাশে থেকেছেন।
জানাজায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানান।
তার মৃত্যুতে মানিকগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোক ও স্মৃতিচারণ।
স্থানীয়রা জানান, নাসির উদ্দিন জাদু ছিলেন মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা একজন জনবান্ধব নেতা। তার মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ