আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু : ময়নাতদন্ত ছাড়াই নবজাতকদের লাশ হস্তান্তর
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদের ময়নাতদন্ত করাতে চায়নি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছোট ছোট শিশু, এখানে পারিবারিক ইমোশন জড়িত। যেহেতু পরিবারের পক্ষ থেকে লিখিত দেওয়া হয়েছে, তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের জন্য ময়নাতদন্তটা হলে ভালো ছিল। কিন্তু পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তা করা হয়নি। সিআইডির ক্রাইম সিন টিম ও ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এখান থেকে নমুনা সংগ্রহ করেছে।
এসব নমুনা ফরেন্সিক করার পর আমরা মৃত্যুর আসল কারণ আশা করি জেনে যাব।
এ ঘটনায় হাসপাতালের কেউ আটক আছে কি না জানতে চাইলে শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ইনফরমালি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি।
এর আগে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক