ঈদ আনন্দে তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে আনন্দ-উৎসবে মুখর হয়ে উঠেছে চাঁদপুরের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান তিন নদীর (পদ্মা-মেঘনা-ডাকাতিয়া) মোহনা ‘বড়স্টেশন মোলহেড’ এলাকা। আজ শুক্রবার (২৯ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো পর্যটন এলাকা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে মানুষ এখানে উপভোগ করছেন মোহনার নয়নাভিরাম ও অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং রাজধানী ঢাকা থেকেও মানুষ দলে দলে ভিড় করছেন এই বড় স্টেশন মোলহেডে। কেউ নদীর পাড়ে পাথরের ওপর বসে প্রিয়জনদের সাথে গল্প-আড্ডায় মেতে উঠেছেন, কেউবা মোবাইল ফোনে সেলফি তুলে স্মৃতিবন্দি করছেন আনন্দঘন মুহূর্তগুলো। অনেকে আবার বড় ট্রলার ও স্পিডবোটে করে ঘুরে আসছেন মেঘনার বুকে জেগে ওঠা বিশাল বালুচরে, যা স্থানীয় ও পর্যটকদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে বেশ পরিচিত।
সরেজমিনে দেখা গেছে, জুমার নামাজের পর বিকেলের দিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আরও কয়েকগুণ বেড়ে যায়। শিশুদের কোলাহল ও চিলড্রেন পার্কের রাইডগুলোতে মেতে ওঠা, তরুণ-তরুণীদের ছবি তোলার তুমুল ব্যস্ততা এবং নদীর উত্তাল ঢেউয়ের মৃদু গর্জন মিলিয়ে পুরো মোলহেড এলাকায় এক অন্যরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদীর মোহনায় বসে মেঘনার বুকে লাল আভার মোহনীয় সূর্যাস্ত উপভোগ করতে দেখা গেছে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষকে।
পরিবার নিয়ে সুদূর মানিকগঞ্জ থেকে ঘুরতে আসা চাকরিজীবী পারভেজুর রহমান জানান, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে একটু ভিন্ন পরিবেশে সময় কাটাতে চাঁদপুরে এসেছি। তিন নদীর মোহনার এই বিশাল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে এসে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি দূর হয়ে মনটা জুড়িয়ে গেছে।
কুমিল্লা থেকে বন্ধুদের নিয়ে আসা কলেজ শিক্ষার্থী মাহিম জানান, অনেকদিন ধরেই চাঁদপুরের বড় স্টেশন মোলহেড আর ইলিশ চত্বরে আসার ইচ্ছা ছিল। ঈদের ছুটিতে সুযোগ পেয়ে বন্ধুরা মিলে চলে এসেছি। ট্রলারে চড়ে নদীর মাঝখানে ঘোরাঘুরি আর মিনি কক্সবাজারের বালুচরে ফুটবল খেলার অভিজ্ঞতা এককথায় দারুণ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, ঈদ কেন্দ্রিক পর্যটকদের সার্বিক ও নিবিড় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তিনটি বিশেষ মোবাইল টিম একযোগে মাঠে কাজ করছে। এ ছাড়া প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত তিন নদীর মোহনায় নারীদের নিরাপত্তা ও ইভটিজিং রোধে আলাদা একটি বিশেষ টিম সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। শহরের প্রবেশমুখ ও সড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক টিম কাজ করছে, যাতে দেশের দূর-দূরান্ত থেকে আসা মানুষ কোনো ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর