শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপিনেতার মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান উদ্দিন সুমন সরদার (৪২) নামে এক বিএনপিনেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া-সিংবাড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
নিহত সুমন সরদার ওই গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে। তিনি ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত জেনারেল গ্রামীণ হাসপাতালেরও পরিচালক ছিলেন বলে জানা গেছে।
নিহত বিএনপিনেতার পরিবার সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঘরেই অবস্থান করছিলেন সুমন। এ সময় তার স্ত্রী-সন্তানরা ছিলেন ঘরের বাইরে। এরই মধ্যে হঠাৎ চিৎকার শুনে তার স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি বিদ্যুতায়িত হলেন তা সঠিকভাবে বলতে পারেনি কেউ।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমিনুল হক জানান, তিনি বিদ্যুৎস্পর্শে বিএনপিনেতার মৃত্যুর খবর শুনেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এদিকে বিএনপিনেতার অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।

জাহিদ হিমেল, বাগেরহাট (শরণখোলা)