এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভী।
আজ রোববার (৩১ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৩০ মে) পরিবার, স্বজন ও এনটিভির সহকর্মীরা ঢাকা থেকে তাইফুর রহমানের নাদভীর মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে তাইফুর রহমান নাদভীর নিজ বাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি তাঁর সহধর্মিণী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাইফুর রহমান নাদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাইফুর রহমান নদভীর মৃত্যুতে এনটিভি পরিবারসহ গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয় নাদভীর। তাৎক্ষণিক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে ওই রাতেই তাকে বিআরবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত শুক্রবার রাতে বাংলাদেশ মেডিকেল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আসমাউল আসিফ, জামালপুর