দেশের অন্যতম শীর্ষ পরিবহণ ব্যবসায়ী কফিল উদ্দিন আর নেই
দেশের পরিবহণ খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও হানিফ পরিবহণের স্বত্বাধিকারী আলহাজ কফিল উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে কফিল উদ্দিনের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন এবং দিল্লির ওই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কফিল উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের পরিবহণ খাত এবং তার রাজনৈতিক অঙ্গন সাভারে গভীর শোকের ছায়া নেমে আসে।
ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি কফিল উদ্দিন দেশের রাজনীতিতেও সক্রিয় ও পরিচিত মুখ ছিলেন। তিনি সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দলটির হাল ধরেছিলেন এবং স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছিল।
বর্ণাঢ্য এই ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। পৃথক শোকবার্তায় তারা কফিল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের পরিবহণ খাত ও স্থানীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কফিল উদ্দিনের মরদেহ ভারত থেকে দেশে আনার পর সাভারে তার জানাজা ও দাফনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জাহিদুর রহমান