ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন, পুলিশের সঙ্গে সংঘর্ষ
মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শত শত লোক জড়ো হতে থাকেন আজ সোমবার (১ জুন) সকাল থেকেই। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান নেয়।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ জলকামান থেকে পানি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
দিলকুশা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অফিসগামীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশের জলকামান নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টায় ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন চলাকালে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। একইসঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বিরুদ্ধেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গ্রাহক ও সচেতন নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদক