চট্টগ্রামে বাসচাপায় বাবা-ছেলে নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন মোটরসাইকেল আরোহী বাবা শাহাজান মিয়া ও ছেলে আরিফ হোসেন।
আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ বাসচালককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী বিআরটিসির দ্রুতগামী একটি বাস পাইন্দং আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। বাসচাপায় আরও দুটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় স্থানীয়রা।
বাসমালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান জানান, বিআরটিসির বাসচাপায় ঘটনাস্থলে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, বিআরটিসির বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এসময় বাসটি ফটিকছড়ির পাইন্দং আমতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
এসময় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও শুরু হয় যান চলাচল। এরইমধ্যে বাসের চালককে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাসের চালককে আটক করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক