কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে কুঁড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। তার নাম সুমিনাইং তঞ্চঙ্গা (১২)। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলারের মধ্যবর্তী এলাকায় সুমিনাইং তার মায়ের সঙ্গে পাহাড়ের জুমক্ষেতে কাজ করতে যায়। সেখানে দুপুরের দিকে জুমের নিচে মিয়ানমার সীমান্ত কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল পেয়ে তা জুমঘরে এনে সে খেলতে থাকে। এ সময় মর্টারশেলটি হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে বাইশফাঁড়ি তংচঙ্গ্যাপাড়ার বাসিন্দার কিংহ্লা তঞ্চগ্যার ছেলে।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমিনাইং তঞ্চঙ্গার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমে কাজ করতে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে একই এলাকায় ৪০- ৪১ পিলারের মধ্যবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান