নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে কারাদণ্ড
বরগুনার পাথরঘাটায় সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১২ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল অবৈধ বেহুন্দি জাল, জ্বালানি তেল, সামুদ্রিক মাছ ও একটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা থানার বিশখালী নদীর পরীর খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় তিন লাখ টাকার ছয়টি অবৈধ বেহুন্দি জাল, এক হাজার ২০০ লিটার ডিজেল, দুই হাজার ৪০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে মাছ ধরায় জড়িত ১২ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার দক্ষিণ পাতাকাটা এলাকার মামুন (৩৫), পাথরঘাটার পদ্মা গ্রামের বিল্লাল (২৭), ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের ফিরোজ (৩০), একই এলাকার সবুজ (২৬), পাথরঘাটার তাফালবাড়ী গ্রামের সগির হোসেন (৪৩) ও সিদ্দিক (৪০), দক্ষিণ গেনপাড়া গ্রামের সোহরাব মুন্সি (৪৫), বরগুনা সদর উপজেলার পাতাকাটা গ্রামের রুহুল আমিন (৫৩), দক্ষিণ গেনপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাসান (২৪), পদ্মা গ্রামের আজিজুল হক (৫৬), ও হাসান (২০) এবং পিরোজপুর জেলার জুসখোলা গ্রামের হাসান (২৮)। পরে আটক জেলেদের পাথরঘাটার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা সামুদ্রিক মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়। নিলামে মাছ বিক্রি করে পাওয়া এক লাখ ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা জাল, জ্বালানি তেল ও ট্রলিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ দিকে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)