আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
নড়াইলের কালিয়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল সমর্থক দল। খেলাটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আজ শুক্রবার (৫ জুন) বিকেলে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। ম্যাচের দ্বিতীয় আর্ধে শুরুতে সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল সমর্থক দল একমাত্র গোলটি করে এগিয়ে যায়। এরপর আর্জেন্টিনা সমর্থকরা একাধিক আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল।
জয় লাভের পর ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, এটি ছিল বন্ধুত্ব ও সম্প্রীতির একটি ম্যাচ। জয় অবশ্যই আনন্দের, তবে সবচেয়ে বড় বিষয় হলো সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়েছে। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। যারা মাঠে এসে আমাদের উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকুক, সেটিই প্রত্যাশা।
ব্রাজিল সমর্থক দলের পক্ষে একমাত্র গোল করে বেস্ট প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরশ সরদার।
খেলা দেখতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ খেলার আয়োজন করা হয়েছে।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)